সিরাজগঞ্জের চৌহালীতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেন প্রিন্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় প্রবল ঝোড়ো হাওয়ায় পল্লী বিদ্যুতের ২২০ ভোল্ট লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। অভিযোগ উঠেছে, ঝড়ের পর আজ (২ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছেঁড়া তারটি মেরামত না করেই বিদ্যুতের সংযোগ চালু করে।
এ সময় বাড়ির পাশের রাস্তায় খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশু মোহাম্মদ আলী বিদ্যুতায়িত তারটির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন চরম অবহেলার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
ক্ষুব্ধ কয়েকশ মানুষ চৌহালী অভিযোগ কেন্দ্র ঘেরাও করে। তবে অফিস তালাবদ্ধ থাকায় তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে নাগরপুর জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের একজন লাইনম্যান গুরুতর আহত হয়ে বার্ন ইউনিটে ভর্তি আছেন। তিনি আরও বলেন, সকালে ঘটে যাওয়া এই ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























