ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একটি লড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষক ও এক নারীসহ মোট দুইজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কের দাপুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলবাড়ীয়া কলেজের ইংরেজি সাহিত্যের প্রভাষক সারোয়ার এ কাইয়ুম (৫৫) এবং ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা এলাকার শিফা আক্তার (২৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দাপুনিয়া থেকে ছেড়ে আসা একটি লড়ির সঙ্গে ফুলবাড়ীয়া থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী কলেজ প্রভাষক সারোয়ার। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিফা আক্তার নামে ওই নারীর মৃত্যু হয়। আহত বাকি তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত লরি ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 





















