যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এবার প্রকাশ্যে স্বীকার করেছেন যে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য কোনো হুমকি নয়।
গত ১৯ মার্চের পর মঙ্গলবার প্রথম কোনো সংবাদ সম্মেলনে এসে হেগসেথ এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তার এই বক্তব্য হোয়াইট হাউসের পূর্ববর্তী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে ইরানকে বারবার ‘আসন্ন হুমকি’ হিসেবে বর্ণনা করা হচ্ছিল।
যদি ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি নাই হয়, তাহলে কেন এই যুদ্ধ—এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নিজেদের সম্পদ এবং মিত্রদের সুরক্ষায় নিজেকে ঝুঁকিতে ফেলেছে। এ কারণে প্রেসিডেন্ট এখন ইউরোপীয় মিত্রদের কাছ থেকে পাল্টা পদক্ষেপ আশা করছেন।
হেগসেথ সাংবাদিকদের আরও জানান, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম নয়। এগুলো কেবল মিত্র দেশ এবং অন্যান্য অঞ্চলে পৌঁছাতে পারে। তবে, অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে মিত্রদের কাছ থেকে কেবল প্রশ্ন, বাধা আর দ্বিধাই পাওয়া যায় বলে তিনি আক্ষেপ করেন।
তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ববর্তী একটি মন্তব্যের প্রতিধ্বনি করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেছেন যে, আপনার প্রয়োজনের সময় অন্যান্য দেশ আপনার পাশে দাঁড়াতে ইচ্ছুক না হলে আপনি কোনো জোট গঠন করতে পারবেন না।” হেগসেথের এই মন্তব্যের আগের দিন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে যুক্তরাজ্যকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়ে লেখেন, “কিছুটা সাহস দেখান, হরমুজ প্রণালিতে যান ও সেটির নিয়ন্ত্রণ নিন। নিজের জন্য কীভাবে লড়তে হয়, সেটা আপনাদের এবার শেখা উচিত।”
রিপোর্টারের নাম 





















