কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মামলায় জড়ানো এবং জামিন পাওয়ার পরও পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটকে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম প্রধানের পরিবার ও স্বজনেরা। তারা তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
মানববন্ধনে সেলিম প্রধানের বোন স্মৃতি প্রধান কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ভাইকে বারবার মিথ্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তিনি একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ছোটবেলা থেকে জাপানে বড় হওয়া সেলিম দেশে ফিরে রূপগঞ্জ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছিলেন এবং জাপানের আদলে নিজ এলাকাকে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে নানা বাধা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।
স্মৃতি প্রধান আরও জানান, আওয়ামী লীগ সরকারের সময় সেলিম প্রধানকে মিথ্যা মামলায় আটক করে চার বছরের বেশি সময় কারাগারে রাখা হয়েছিল এবং রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়েছিল। তখন তাকে বিএনপিকে আর্থিক সহযোগিতা করার অভিযোগে ফাঁসানো হয়েছিল। এখন আবার নতুন করে তাকে আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে মিথ্যা মামলায় জেলবন্দি রাখা হচ্ছে। তিনি দাবি করেন, গত বছর বানোয়াট মামলায় গ্রেপ্তার হওয়া সেলিম প্রধান আদালত থেকে জামিন পাওয়ার পরও একাধিকবার জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার হয়েছেন। তিনি মামলায় অন্তর্ভুক্ত আসামি না হয়েও অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন।
আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে স্মৃতি প্রধান সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যেন সেলিম প্রধানের বিষয়টি বিবেচনা করে তাদের এই অন্যায় ও হয়রানির হাত থেকে মুক্তি দেওয়া হয় এবং সেলিম প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়। মানববন্ধনে সেলিম প্রধানের পরিবারের আরেক সদস্য রিয়াদুল ইসলামও বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 

























