জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন বিরোধীদলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে তাদের প্রস্তাবের কোনো প্রতিকার না পাওয়া এবং তাদের প্রস্তাবটিকে পাশ কাটানোর জন্য অন্য একটি প্রস্তাব আনা হয়েছে—এমন অভিযোগ এনে জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে তারা অধিবেশন ত্যাগ করেন।
বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান সংক্রান্ত একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল।
বিরোধীদলের এই ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় রীতিনীতি অনুযায়ী বিরোধীদল ওয়াকআউট করতেই পারে এবং তাদের সেই অধিকার রয়েছে। তবে, তিনি মনে করেন যে, কিছু কথা রেকর্ডেড হওয়ার আগে নিজেদের বক্তব্য তুলে ধরা উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেন যে, যে মুলতবি প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল, তা বিধিমালা ৬৮ অনুযায়ী হতে পারে কিনা তা নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেন, রুলস অব প্রসিজার অনুযায়ী, আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নেই।
তিনি আরও বলেন, স্পিকার যেহেতু বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হয়েছে এবং আলোচনার জন্য রেখেছেন, তাই দুই ঘণ্টা ধরে উভয়পক্ষের আলোচনা হয়েছে। তবে, প্রস্তাবটি বিধিবহির্ভূত হওয়ায় এবং আলোচনার পর নিষ্পত্তির জন্য ভোটাভুটির কোনো বিধান না থাকায়, শুধুমাত্র মুলতবি প্রস্তাব উত্থাপিত হবে কিনা তার ওপর ভোটাভুটির বিধান রয়েছে।
রিপোর্টারের নাম 





















