বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের সামগ্রিক বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তোষজনক’ বলে মূল্যায়ন করেছে বিশ্বব্যাংক। এই মূল্যায়ন দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে একটি ইতিবাচক বার্তা বহন করছে।
বুধবার (০১ এপ্রিল) বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রকল্পের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এই সাক্ষাৎ করে। এসময় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় টি এম আসাদুজ্জামান জানান, পূর্বে ‘প্রবলেম প্রজেক্ট’ হিসেবে বিবেচিত হলেও, ইউজিসির কার্যকর উদ্যোগের ফলে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে। ২০২৪ সালের আগস্টের পর থেকে গৃহীত পদক্ষেপের ফলে ‘হিট’ প্রকল্পের ইমপ্লিমেন্টেশন স্টাটাস অ্যান্ড রেজাল্টস রিপোর্ট ২০২৫-এ এর বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারি মানের সন্তোষজনক’ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তিনি আরও বলেন, এই প্রকল্প বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বিশ্বব্যাংকের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ, যা ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সহায়ক হবে। আসন্ন এপ্রিলে প্রকল্পের ‘মিড-টার্ম রিভিউ’ অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, ‘হিট’ প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর সফল বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান কাঠামোগত সমস্যার সমাধান সম্ভব। তিনি উল্লেখ করেন, প্রকল্পের আওতায় নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে এবং এই প্রশিক্ষণ কার্যক্রমকে স্থায়ী রূপ দিতে বিশ্বব্যাংকের আরও সহায়তা প্রয়োজন। তিনি প্রকল্প সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 





















