দেশে হামের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী রোববার (৫ এপ্রিল) থেকে উপজেলা পর্যায়ে রোগটির টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে যাবে এবং স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বরিশাল ও ময়মনসিংহ—এই ছয় জেলায় হাম বেশি ছড়িয়েছে। ইতোমধ্যে সাত শতাধিক মানুষ হামে আক্রান্ত হয়েছে এবং পঞ্চাশের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই রোগের বিস্তার রোধে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন।
দেশে সাধারণত শিশুদের হামের টিকা দুটি ধাপে দেওয়া হয়। ৯ মাস বয়সী শিশুকে প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সী শিশুকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। এছাড়া, কয়েক বছর পরপর জাতীয় ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী শিশুদের টিকা দেওয়া হয়। সর্বশেষ জাতীয় হাম ক্যাম্পেইন হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে।
রিপোর্টারের নাম 






















