কক্সবাজারের রামুতে অপহৃত কৃষক রিদুয়ানুল করিম মিন্টু (৩৮) অবশেষে মুক্তি পেয়েছেন। অপহরণের প্রায় ৪৮ ঘণ্টা পর ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনি জিম্মিদশা থেকে উদ্ধার হন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একটি সশস্ত্র দল তাকে মুক্তি দেয়। মুক্তি পাওয়ার পর রাতেই তিনি নিজ বাড়িতে ফিরে আসেন।
জানা গেছে, গত রোববার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি এলাকা থেকে মিন্টুকে অপহরণ করা হয়। সীমান্তবর্তী লম্বাচর এলাকায় তামাক ও সবজি চাষ শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে তুলে নিয়ে যায়। মুক্তি পাওয়ার পর মিন্টু জানান, ৭ জন বাঙালি ও ৪ জন উপজাতি সদস্যের একটি সশস্ত্র দল তাকে অপহরণ করে পাহাড়ি এলাকায় শিকল দিয়ে বেঁধে রাখে এবং শারীরিক নির্যাতন করে। প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও পরে দর কষাকষির মাধ্যমে ৮ লাখ টাকায় সমঝোতা হয়। পরিবারের পক্ষ থেকে তার বোনের স্বামী আত্মীয়স্বজনদের কাছ থেকে টাকা সংগ্রহ এবং স্বর্ণ বিক্রি করে মুক্তিপণের টাকা পরিশোধ করেন। অপহৃত কৃষক অপহরণকারীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করতে পেরেছেন এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে একই এলাকার আরেক কৃষক কবির আহমদের ছেলে রিয়াজুল হক ও তার কর্মচারী রবিউল (২২) অপহৃত হয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান। এর আগেও ওই এলাকায় বৃদ্ধ আলী আকবরকে অপহরণের ঘটনা ঘটে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তারা জেনেছেন এবং ভুক্তভোগী আইনি পদক্ষেপ নিতে চাইলে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।
রিপোর্টারের নাম 





















