লক্ষ্মীপুরের রামগতিতে একটি খালের ভেতর থেকে বিপুল পরিমাণ ডিজেল ভর্তি আটটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করেছে পুলিশ। ড্রামগুলো থেকে মোট ১ হাজার ৩৬০ লিটার ডিজেল পাওয়া গেছে, যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা। তবে এই ডিজেলের মালিক কে বা কারা, তা এখনো শনাক্ত করা যায়নি।
বুধবার (১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানা পুলিশ পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের আসল পাড়া গ্রামের মৎস অবতরণ কেন্দ্রের দক্ষিণ পাশের খালের মধ্যে এই পরিত্যক্ত ড্রামগুলো উদ্ধার করে। প্রতিটি ড্রামে প্রায় ১৭০ লিটার করে ডিজেল ছিল।
পুলিশের ধারণা, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ভোলা জেলা থেকে এই ডিজেল এনে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে এখানে মজুত করেছিল। স্থানীয় শ্রমিকদের সহায়তায় পুলিশ ড্রামগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তবে ঘটনার পর থেকে ডিজেলের মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
রিপোর্টারের নাম 



















