প্রজন্মের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনীর নতুন নাটক ‘তুমি যখন এলে’ ঈদে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে।
মুক্তির পর মাত্র কয়েকদিনে নাটকটি ইউটিউবে ৩০ লক্ষেরও বেশি ভিউ অর্জন করেছে। সায়েম খানের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় নির্মিত এই নাটকটিতে ইমতিয়াজ বর্ষণ ও মেহজাবিন নূরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
নাটকটির প্রযোজক, রঙ্গন এন্টারটেইনমেন্টের কর্ণধার মো. জামাল হোসেন বলেন, ‘ইয়াশ ও তটিনী এ প্রজন্মের জনপ্রিয় জুটি এবং রুবেল হাসান একজন মেধাবী নাট্যনির্মাতা। রুবেল এর আগেও এ জুটিকে নিয়ে নাটক নির্মাণ করেছেন। নাটকটি প্রকাশের পর দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।’ তিনি আরও বলেন, ‘একটি জুটির প্রতি যখন দর্শকের ভালো লাগা তৈরি হয়, তখন সে জুটির নাটকের জন্য দর্শক অপেক্ষায় থাকেন। ‘তুমি যখন এলে’ চমৎকার গল্পের একটি নাটক, যে কারণে দর্শক আগ্রহ নিয়েই উপভোগ করছে। আমি নিজেও নাটকটি দেখেছি। ইয়াশ, তটিনীসহ সংশ্লিষ্ট সকলে নিজ নিজ চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। আগামীতেও এ জুটিকে নিয়ে রঙ্গন এন্টারটেইনমেন্ট নাটক নির্মাণ করবে, কারণ এ জুটির প্রতি দর্শকের যথেষ্ট আগ্রহ রয়েছে। রুবেল হাসানকে যত্ন নিয়ে নাটকটি নির্মাণের জন্য ধন্যবাদ।’
নির্মাতা রুবেল হাসান বলেন, ‘সবসময় দর্শকের কথা মাথায় রেখে নাটক নির্মাণের চেষ্টা করি। আমার ওপর আস্থা রাখার জন্য জামাল ভাইকে ধন্যবাদ।’ ইয়াশ-তটিনী বলেন, ‘ভালো গল্পে কাজ করতে আমরা সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি। ‘তুমি যখন এলে’ দর্শকের ভালো লেগেছে, শিল্পী হিসেবে এটাই আমাদের প্রাপ্তি।’
রিপোর্টারের নাম 

























