ইরানের নৌ-পরিবহন বা শিপিং নেটওয়ার্ককে লক্ষ্য করে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, মোহাম্মদ হোসেন শামখানির নেতৃত্বাধীন এই নেটওয়ার্কটি ইরানের তেল বাণিজ্যসহ বিভিন্ন কার্যক্রমের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিতে কাজ করছিল। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষ্যমতে, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরালো করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান সরকার যে আর্থিক অবকাঠামো ব্যবহার করে আন্তর্জাতিক নৌ-চলাচল ও মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে, তা পুরোপুরি অকার্যকর করার লক্ষ্যেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ও চলতি বছরের এপ্রিল মাসে একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্যানুযায়ী, শামখানির অধীনে থাকা দুই শতাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজ বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এই সিদ্ধান্তের ফলে তালিকায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবে না। তবে এই বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
রিপোর্টারের নাম 






















