ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিক গুলি করে হত্যার মামলায় অভিযুক্ত সঞ্জয় চিসিমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা সেরে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
তদন্ত শেষে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে, ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে গত ১৫ জানুয়ারি নারাজির আবেদন জমা দেয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী হিসেবে অভিযুক্ত সঞ্জয় চিসিমের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক আবেদনটি খারিজ করে দেন।
রিপোর্টারের নাম 
























