দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে বলে পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ মার্চ থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে ডিজেল পাম্পিং শুরু হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের মাধ্যমে ৭ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছে। এর আগে গত ১১ ও ২৩ মার্চ দুই দফায় একই পাইপলাইনের মাধ্যমে মোট ১০ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছিল। এই নিয়ে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ১৭ হাজার টন ডিজেল আমদানি করা হলো।
আমদানিকৃত ডিজেল বুধবার দুপুর থেকে ডিলারদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে এবং তালিকাভুক্ত ডিলারদের মাঝে নিয়মিতভাবে তেল সরবরাহ অব্যাহত রয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পার্বতীপুর ডিপোতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে ডিলারদের মধ্যে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রিপোর্টারের নাম 
























