জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দীর্ঘস্থায়ী স্থবিরতা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ইমরুল কায়েস বলেন, ‘বর্তমান পরিস্থিতি দেখে আর চুপ থাকা সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেটের অভিভাবকরা পদ ও ক্ষমতার লড়াইয়ে এতটাই ব্যস্ত যে, মাঠের ক্রিকেটই বন্ধ হয়ে আছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঘরোয়া ক্রিকেটাররা, যারা এই লিগগুলোর ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন। লিগ বন্ধ থাকায় অনেক ক্রিকেটারের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, কিন্তু এই বাস্তবতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে কোনো উদ্বেগ বা উদ্যোগ চোখে পড়ছে না।’
তিনি আরও উল্লেখ করেন যে, শুধু জাতীয় দলকে নিয়ে চিন্তা করলেই হবে না, দেশের সামগ্রিক ক্রিকেট কাঠামোর উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে যদি ক্রিকেটই বন্ধ হয়ে যায়, তাহলে ‘ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি’—এমন দাবি কতটা যৌক্তিক, এই প্রশ্ন তোলেন তিনি। তিনি মনে করেন, ক্রিকেট কোনো ব্যক্তির নয়, এটি দেশের কোটি মানুষের আবেগের জায়গা।
সবশেষে, ইমরুল কায়েস সংশ্লিষ্ট সকলকে ব্যক্তিগত স্বার্থ ও দ্বন্দ্ব ভুলে দ্রুত মাঠে ক্রিকেট ফেরানোর ব্যবস্থা নিতে অনুরোধ করেন। পাশাপাশি তিনি মাননীয় ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ক্রিকেটকে রাজনীতিমুক্ত রেখে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























