বগুড়ার গাবতলীতে কৃষক আব্দুল লতিফ আকন্দ (৬৫) হত্যা মামলার প্রধান আসামি পার্থ সিংহ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত পার্থ সিংহ কোদালের উল্টো পাশ দিয়ে আঘাত করে আব্দুল লতিফ আকন্দকে হত্যা করেন। এরপর লাশ বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে তিনি পালিয়ে যান। তবে, হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি এখনো বিস্তারিত কিছু জানাননি।
মঙ্গলবার গাবতলী মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি সেচ মেশিন ঘর থেকে উদ্ধার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র বর্মন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারকৃত পার্থ সিংহ গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (ভাল্লুকমারী) গ্রামের জ্ঞানেন্দ্র সিংহের ছেলে।
উল্লেখ্য, গত রোববার একই ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে আব্দুল লতিফ আকন্দের লাশ তার সেচ মেশিন ঘরের পাশ থেকে উদ্ধার করেছিল পুলিশ।
এ ঘটনায় নিহতের ছেলে শহীদ মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশ হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
রিপোর্টারের নাম 

























