চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর ২৫ কোটি টাকা আত্মসাৎ এবং হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক দুই পরিচালক অপরূপ চৌধুরী ও তৌহিদ সিপার রফিকুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মিজানুর রহমানের আদালত এই আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন জানিয়েছেন, মামলার দুই আসামি আজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করেছে। এই মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও জানান, এই মামলায় এখন পর্যন্ত ৬ জন আসামি কারাগারে রয়েছেন এবং ৩২ জন পলাতক। আদালত আগামী ৫ এপ্রিল মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর চট্টগ্রাম পোর্ট শাখা থেকে এই ২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। চলতি বছরের ৭ জানুয়ারি চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালত দুদকের দাখিল করা চার্জশিট গ্রহণ করেছিল। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























