মুন্সীগঞ্জের গজারিয়ায় নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে। আহত মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুলকে (৭৬) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।
আহত মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুল উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। অভিযুক্ত তুহিন প্রধান গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং দনিয়া কলেজ শাখার সহসভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় নাসিমুল-মনির গংদের সঙ্গে ওয়াহিদুজ্জামান নইমুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ জমি পরিমাপের সময় ওয়াহিদুজ্জামান নইমুল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে গেলে তার ওপর ছাত্রলীগ নেতা তুহিনসহ ১০-১২ জন হামলা চালায়। এ সময় তারা কুপিয়ে ও পিটিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ওয়াহিদুজ্জামান জানান, প্রতিপক্ষ খোকনের ছেলে তুহিন ও তার ছোট ভাইসহ অন্তত ১০-১২ জন তার ওপর হামলা চালান। তিনি আরও জানান, তুহিন একজন চিহ্নিত অপরাধী এবং ছাত্রলীগ নেতা। সরকার পরিবর্তনের পর সে দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে এসে পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তিনি বলেন, সালিশ থেকে বের হওয়ার পর তুহিন ও তার সহযোগীরা তাকে ঘিরে ফেলে এবং কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রাতেও তারা তাকে হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত তুহিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 

























