চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে বখতিয়ার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাঠে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বখতিয়ার আলমডাঙ্গা উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে প্রচুর মানুষের ভিড় ছিল। এই ভিড়ের মধ্যেই বখতিয়ার হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ ক্লিনিকে নিয়ে যান। জানা গেছে, আগের দিন থেকেই ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছিল এবং শেষ দিন হওয়ায় তিনি সকালে কার্ড সংগ্রহের জন্য মাঠে এসেছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























