রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকায় মাত্র পাঁচ টাকার জন্য এক ব্যক্তিকে খুনের দায়ে কাজল নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক মো. নূরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাজলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।
ঢাকা মহানগর আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের পর আসামিকে সাজার পরোয়ানা সহকারে কারাগারে পাঠানো হয়েছে। আসামি কাজলের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৮ সালে কাজল নিহত ব্যক্তির কাছে পাঁচ টাকা ধার চান। টাকা দিতে দেরি হওয়ায় আসামি তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নিহত ব্যক্তির নাভির উপর অংশে সজোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
রিপোর্টারের নাম 

























