নবগঠিত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে আজ রাতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী কর্তৃক আহূত এই বৈঠকে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে জেলা পরিষদের প্রশাসকরা ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। তাঁরা নির্ধারিত সময়ে গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিষদের এক সদস্য জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর এই প্রথম প্রধানমন্ত্রী তাঁদের ডেকেছেন। তবে, কেন এই বৈঠকের আয়োজন করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রমতে, এই বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের সদস্যদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবেন। বিশেষ করে, জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জেলা পরিষদের প্রশাসকদের পরিকল্পনা তিনি শুনবেন এবং নিজের পরিকল্পনা ও নির্দেশনা জানাবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৫ই মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছিল।
রিপোর্টারের নাম 
























