দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কার্যালয়ের শৃঙ্খলা ফেরাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কোনো কর্মকর্তা যদি অনৈতিক কর্মকাণ্ড বা ‘নোট বাণিজ্যে’র মতো অনিয়মে জড়িত থাকেন, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ রবিবার সকালে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টার দিকে জ্যেষ্ঠ আইনজীবীদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিনি তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ জ্যেষ্ঠ আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ অন্যান্য উচ্চপদস্থ আইনজীবীরা। উল্লেখ্য, গত বুধবার রাষ্ট্রপতি তাকে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন।
রিপোর্টারের নাম 

























