মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটে ভারতের অন্যতম বৃহৎ রপ্তানি খাত সিরামিক শিল্পে ধস নেমেছে। বিশেষ করে গুজরাট রাজ্যের মোরবিতে অবস্থিত বিশাল সিরামিক উৎপাদন কেন্দ্রগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রায় ৬.৫ বিলিয়ন ডলার মূল্যের এই শিল্প খাতের শত শত কারখানা এখন বন্ধের পথে, যার ফলে হাজার হাজার কর্মী কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইরান-ইসরায়েল সংঘাত এবং হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে মোরবির টাইলস ও স্যানিটারিওয়্যার কারখানাগুলোর ওপর। মোরবি ভারতের মোট সিরামিক চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ করে এবং মধ্যপ্রাচ্যসহ ইউরোপ ও আফ্রিকায় পণ্য রপ্তানি করে থাকে।
স্থানীয় উৎপাদক সমিতির তথ্য অনুযায়ী, গ্যাস সংকটের কারণে গত এক মাস ধরে অধিকাংশ কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। হাতেগোনা কয়েকটি কারখানায় স্বল্প পরিসরে কাজ চললেও সেগুলো কেবল পূর্বের অর্ডার করা পণ্য সরবরাহে ব্যস্ত। দ্রুত এই সংকটের সমাধান না হলে ভারতের অন্যতম এই বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতটি দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























