ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চার শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হিজবুল্লাহর হতাহতের সংখ্যা সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। গত ২ মার্চ ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর প্রথম দফা রকেট হামলার মধ্য দিয়ে এই নতুন সংঘাতের সূচনা হয়, যার পর থেকে ইসরায়েল লেবাননে ব্যাপক আকাশ ও স্থল অভিযান চালাচ্ছে।
সূত্র দুটির তথ্য অনুযায়ী, লেবাননে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে হিজবুল্লাহর মোট কতজন যোদ্ধা নিহত হয়েছেন, সে সম্পর্কে এটিই প্রথম একটি সামগ্রিক ধারণা। এর আগে গোষ্ঠীটি তাদের নিহত যোদ্ধাদের পৃথকভাবে ঘোষণা করলেও, মোট সংখ্যা প্রকাশ করেনি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, লেবাননে চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতে ইরান-ঘনিষ্ঠ হিজবুল্লাহর অন্তত ৭০০ যোদ্ধা নিহত হয়েছে। নিহতদের মধ্যে তাদের অভিজাত রাদওয়ান বাহিনীর কয়েকশ সদস্যও রয়েছেন বলে ইসরায়েল জানিয়েছে।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে লেবাননে এ পর্যন্ত মোট ১ হাজার ১৪২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২২টি শিশু, ৮৩ জন নারী এবং ৪২ জন চিকিৎসাকর্মীও রয়েছেন। তবে মন্ত্রণালয় নিহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক নাগরিক, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
একই দিনে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে রাতে অভিযান চালানোর সময় তাদের এক সেনা ও এক কমব্যাট কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এর আগে তেল আবিব দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধে তাদের চার সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল। এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
রিপোর্টারের নাম 

























