রাজধানীর মোহাম্মদপুরে খতনা করাতে গিয়ে এক শিশুর পুরুষাঙ্গের অংশ বিশেষ কেটে ফেলার অভিযোগে করা মামলায় ফার্মেসি মালিক খলিলুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই রেজাউল করিম আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের জন্য কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মার্চ সকালে ৯ বছর বয়সী এক শিশুকে খতনার জন্য ঢাকা উদ্যান এলাকার ‘খলিল মেডিকেল’ নামে একটি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। সেখানে কথিত চিকিৎসক খলিলুর রহমানের মারাত্মক অবহেলায় শিশুটির পুরুষাঙ্গের সামনের অংশে গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনায় গত ১০ এপ্রিল শিশুটির নানা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই অভিযুক্ত খলিলুর রহমানকে গ্রেপ্তার করে। স্থানীয়ভাবে তিনি ‘খলিল ডাক্তার’ নামে পরিচিত হলেও মূলত তিনি একজন ওষুধ বিক্রেতা। ঘটনার পরদিন তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
রিপোর্টারের নাম 





















