খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২৬ মার্চ সকালে ইউনুছ শিকদারের ছেলে খোকন শিকদার (৫৮) তার স্ত্রী খুরশিদা বেগমকে (৫০) পারিবারিক বিবাদের এক পর্যায়ে শাবল দিয়ে মাথায় জোরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
গতকাল ২৭ মার্চ রাত ৮টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণ এবং মস্তিষ্কের জটিলতার কারণে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে খুরশিদা বেগম মৃত্যুবরণ করেন। ঘটনার পর অভিযুক্ত স্বামী খোকন শিকদারকে ২৮ মার্চ শিয়ালি ক্যাম্প পুলিশের ইনচার্জ প্রদীপ দাস আটক করেন।
নিহতের ছেলে মিশকাত শিকদার জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং এই কারণে প্রায়ই বাবা-মায়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। ঘটনার দিন সকালে ফের বিবাদ শুরু হলে খোকন শিকদার ঘরে থাকা শাবল দিয়ে তার স্ত্রী খুরশিদা বেগমকে আঘাত করেন।
রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান জানিয়েছেন, পুলিশ খোকন শিকদারকে আটক করেছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























