প্রযুক্তিনির্ভর মানবপাচার ও আন্তর্জাতিক স্ক্যাম চক্রের হাত থেকে নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান নির্বাচিত সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বিশ্ব মানবপাচার বিরোধী দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান যুগে মানবপাচারের ধরন অনেক বদলে গেছে। অপরাধী চক্র এখন ডিজিটাল মাধ্যম ও ভুয়া অনলাইন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তরুণ সমাজকে ফাঁদে ফেলছে। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে তাদের বিদেশে নিয়ে সাইবার স্ক্যাম সেন্টারে বন্দি করে রাখা হচ্ছে এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করা হচ্ছে। এই আধুনিক দাসত্ব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বেসরকারি খাত ও সচেতন সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সরকারের সময়োপযোগী পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে সরকার ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান (প্রতিরোধ ও দমন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। এই নতুন আইনে অনলাইন স্ক্যাম ও প্রযুক্তিনির্ভর প্রলোভনের মাধ্যমে পাচারকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই আইনটি তৈরি করা হয়েছে।
সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেবল আইন দিয়ে নয়, বরং সামাজিক সচেতনতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সরকার ভুক্তভোগীদের পুনর্বাসন এবং অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে।
রিপোর্টারের নাম 





















