মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। প্রতিকূল আবহাওয়ার কারণে সময়সূচি কিছুটা পরিবর্তন করে আগামী সেপ্টেম্বর মাসে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানান, আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেগা টুর্নামেন্টের উদ্বোধন করবেন। দেশের ৪০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবে।
সংবাদ সম্মেলনে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফুটবলার তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় ফাইনাল খেলার মাধ্যমে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
রিপোর্টারের নাম 

























