বর্তমান নির্বাচিত সরকারের পাঁচ মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তা এখনো পুরোপুরি অর্জিত হয়নি। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসা দুর্নীতি ও ঘুষের সংস্কৃতি এখনো বিদ্যমান, যা দূর করতে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।
বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউসে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে নতুন রাজনৈতিক নজির স্থাপনের চেষ্টা করছেন। তার এই নেতৃত্বকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পরিবর্তন একটি ধারাবাহিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়া, যা দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা দূর করার মাধ্যমে অর্জন করতে হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা অর্থনৈতিক ও সামাজিক সূচকে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। বিশেষ করে ক্ষমতার চেয়ারে বসলে মানুষের চিন্তাভাবনায় যে পরিবর্তন আসে, তরুণ প্রজন্ম সেই প্রাতাগত রাজনীতির আমূল পরিবর্তন চায়। জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের সেই পরিবর্তনের সুযোগ করে দিয়েছে এবং এই চেতনাকে বিফল হতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণদের যে বীরত্ব ছিল, তাকে সামনে রেখেই আগামীর বাংলাদেশ গড়তে হবে।
রিপোর্টারের নাম 






















