সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে মডেল মিষ্টি সুবাস সহ আটক দুই ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় অপর আসামি রফিকুল ইসলাম ওরফে দূর্জয়কে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত তাদের এই রিমান্ডের আদেশ দেন। এর আগে, এই দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান তাদের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। তবে, আসামিদের পক্ষে আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড বাতিলের এবং জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুজনের জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার আদেশ প্রদান করেন।
এর আগে, গত বৃহস্পতিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে তারা আটক হয়েছিলেন। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
মামলার অভিযোগ অনুযায়ী, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ২২ থেকে ২৫ জন নেতাকর্মী দেশের বর্তমান আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোসহ অভ্যন্তরীণ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ব্যবহার করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একই সাথে, দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা অবনতি ঘটানো এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা স্মৃতিসৌধে একত্রিত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























