ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি সম্প্রতি ইসরাইলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকির পর নতুন করে আলোচনায় এসেছেন। তাংসিরি ২০১৮ সালে আইআরজিসি-এর নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, ২০১০ সাল থেকে তিনি একই বাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি, চলতি বছরের ১০ মার্চ থেকে তার নামে একটি এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট সক্রিয় হতে দেখা যায়। ইরানের বিভিন্ন গণমাধ্যম এই অ্যাকাউন্টের পোস্টগুলো উদ্ধৃত করেছে, যেখানে তিনি একাধিকবার হরমুজ প্রণালী নিয়ে মন্তব্য করেছেন। একটি পোস্টে তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীদের সঙ্গে যুক্ত কোনো জাহাজের এই পথ দিয়ে যাওয়ার অধিকার নেই।”
আলিরেজা তাংসিরি একজন স্পষ্টভাষী সামরিক কর্মকর্তা হিসেবে পরিচিত। অতীতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। ২০১৯ সালে তিনি হুমকি দিয়েছিলেন যে, ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে। একই বছর প্রণালীর কাছাকাছি ইরান একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার পর, মার্কিন ট্রেজারি বিভাগ তাকেসহ আইআরজিসির আরও কয়েকজন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
রিপোর্টারের নাম 




















