ফেনীতে অনিবন্ধিত এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বুধবার রাতে জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বৈধ রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ এবং হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরযান চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইনের ধারা ৪(১) ও ১৬(১) অনুযায়ী, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ। একই সঙ্গে ধারা ২৫(১) অনুযায়ী, ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে কোনো যানবাহন পরিচালনা করা যাবে না।
এই নির্দেশনা কার্যকর করার লক্ষ্যে জেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্টদের কাগজপত্রবিহীন যানবাহনে জ্বালানি সরবরাহ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় হেলমেট, রেজিস্ট্রেশন ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলে তেল না দেওয়া, রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ রাখা, মোটরসাইকেলের জন্য কার্ড সিস্টেম চালু করা এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়। জেলা প্রশাসক জানান, ডিপো থেকে পাম্প মালিকরা প্রয়োজনের তুলনায় কম তেল পাচ্ছেন এমন অভিযোগ মন্ত্রণালয়ে জানানো হচ্ছে।
রিপোর্টারের নাম 

























