ইরান-সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে সরাসরি অংশগ্রহণে প্রস্তুত বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম। সংস্থাটি একটি ‘অবহিত সূত্রের’ বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ (যা হুথি নামে পরিচিত) বিদ্রোহীরা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের দাবি অনুযায়ী, এই প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া বিদ্রোহীদের জন্য একটি ‘সহজ কাজ’ হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে হুথিরা শত শত ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এর ফলে এই অঞ্চলের জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোতেও আক্রমণ চালিয়েছে, যা বিশ্ব বাণিজ্যের প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। বিদ্রোহীদের প্রতিহত করার আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত এই হামলা থামানো সম্ভব হয়নি। বর্তমানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নৌবাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, হুথিরা যদি বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়, তবে তা পশ্চিমা দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক বিকল্পগুলোকে আরও সীমিত করে ফেলবে। এই প্রণালিটি ভূমধ্যসাগর ও আরব সাগরের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যা ইউরোপের সঙ্গে আফ্রিকা ও এশিয়ার জলপথকে যুক্ত করে।
রিপোর্টারের নাম 






















