ইরানে গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ বাহিনীর সামরিক অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এই ভয়াবহ ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীরহোসেন কোলিভান্দ জানান, ক্ষতিগ্রস্ত ৮৫ হাজার ১৭৬টি স্থাপনার মধ্যে ৬৪ হাজার ৫৮৩টি আবাসিক ভবন এবং ১৯ হাজার ৬৯০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে রাজধানী তেহরানে ধ্বংসযজ্ঞের মাত্রা সবচেয়ে বেশি। সেখানে ২৮২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠান হামলার শিকার হয়েছে। এই হামলাগুলোকে জেনেভা কনভেনশনের লঙ্ঘন উল্লেখ করে একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল ও সংশ্লিষ্ট অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। চলমান এই সংঘাতে ইরানে এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 























