যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ও নীতিকে কঠোর ভাষায় আক্রমণ করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটনের তথাকথিত সামরিক শক্তি এখন কৌশলগত পরাজয়ের মুখোমুখি। তিনি সাফ জানিয়ে দেন, নিজেদের এই শোচনীয় অবস্থাকে কোনো ধরনের ‘চুক্তি’ হিসেবে প্রচার করার চেষ্টা যেন না করা হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছিলেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তবে তেহরান এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ বা আলোচনা হয়নি।
যুলফাকারি আরও মন্তব্য করেন যে, বিশ্ব এখন সত্য ও মিথ্যার দুটি স্পষ্ট ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যারা স্বাধীনতার পক্ষে লড়াই করছে, তারা যুক্তরাষ্ট্রের কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত হবে না। তার মতে, বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের দম্ভ চূর্ণ হয়ে গেছে এবং তারা এই সংকটময় পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না বলেই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
রিপোর্টারের নাম 























