নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশে মৃতদেহ ফেলে পালানোর চেষ্টাকালে একটি অ্যাম্বুলেন্সসহ চালক ও তার সহযোগীকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে ফতুল্লার নরসিংপুর এলাকার তারা স্পিনিং মিলের সামনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক রাজু মিয়া ও তার সহযোগী হৃদয়কে নিজেদের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্দেহজনকভাবে লাশটি ফেলে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে অ্যাম্বুলেন্সটি ধরে ফেলে এবং জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। জিজ্ঞাসাবাদে চালক রাজু মিয়া দাবি করেছেন, খানপুর হাসপাতাল থেকে লাশ দাফনের কথা বলে তাকে ভাড়া করা হয়েছিল। কিন্তু পথে ভাড়া করা ব্যক্তিরা সটকে পড়লে তিনি ভয়ে লাশটি ফেলে যাওয়ার চেষ্টা করেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, তারা অ্যাম্বুলেন্স ও মৃতদেহটি উদ্ধার করেছে। লাশের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























