মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরজুলা ভন ডার লিয়েন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথ নিরাপদ রাখা এবং যুদ্ধের অবসান ঘটানো এখন সময়ের দাবি।
ভন ডার লিয়েন ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি অবরোধের যেকোনো প্রচেষ্টাকে ‘নিন্দনীয়’ বলে অভিহিত করেন। তিনি সতর্ক করে বলেন, বাণিজ্যিক জাহাজে হামলা, মাইন স্থাপন কিংবা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে আন্তর্জাতিক সমুদ্রপথ বাধাগ্রস্ত করার চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, এই সংকটের প্রভাব বিশ্বব্যাপী সাধারণ মানুষ অনুভব করছে।
ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ নেতা জোর দিয়ে বলেন যে, সামরিক শক্তি প্রয়োগের চেয়ে আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 





















