ইসরায়েলের অতি ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং সরাসরি উসকানি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে একটি পিটিশন দায়ের করা হয়েছে। ‘হিন্দ রজব ফাউন্ডেশন’ নামক একটি অলাভজনক সংস্থা মার্কিন বিচার বিভাগের কাছে এই আবেদন জমা দিয়েছে। আগামী জুলাই মাসে বেন গভিরের সম্ভাব্য নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে তাকে বিচারের আওতায় আনার দাবিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বেন গভিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফিলিস্তিনিদের ওপর হামলা জোরদার করতে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। এর আগে পশ্চিম তীরে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সম্প্রতি হিজবুল্লাহর হামলার জবাবে তিনি ‘পুরো লেবানন পুড়িয়ে দেওয়া উচিত’ বলে মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।
সংস্থাটির প্রতিনিধি জেক রোম বেন গভিরকে বর্তমান সময়ের অন্যতম শীর্ষ অপরাধী হিসেবে আখ্যায়িত করে বলেন, তাকে গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করা ওয়াশিংটনের নৈতিক দায়িত্ব। আন্তর্জাতিক মহলে বেন গভিরের কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থাকলেও এবার খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ মধ্যপ্রাচ্য ইস্যুতে নতুন মাত্রা যোগ করেছে।
রিপোর্টারের নাম 























