ভারতের মুম্বাইয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে এক বড় ধরনের দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে। গত শুক্রবার মিছিলে বিষাক্ত বড়ি বিতরণের সময় ফায়াজ প্রেমজি নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছে, তার পরিকল্পনা ছিল মিছিলে বিষাক্ত বড়ি বিতরণ করে প্রায় ১৫ হাজার মানুষকে হত্যা করা।
বড়িগুলো খাওয়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে বাইকুল্লা এলাকা থেকে ফায়াজ প্রেমজিকে আটক করা হয়। পরীক্ষায় দেখা যায়, বড়িগুলোতে জিঙ্ক ফসফাইড ছিল, যা মূলত ইঁদুর মারার বিষ এবং অন্যান্য ইঁদুর দমনকারী রাসায়নিকে ব্যবহৃত একটি মারাত্মক যৌগ। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেমজি পরবর্তীতে স্বীকার করেন যে তিনি সেদিন হাজার হাজার মানুষকে বিষ প্রয়োগ করতে চেয়েছিলেন।
শনিবার স্থানীয় একটি আদালত তাকে দুই দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রেয়ে রোডের রেহমতাবাদ কবরস্থানের কাছে আশুরার শোভাযাত্রায় ফায়াজকে বড়ি বিতরণ করতে দেখা যায়। ভিড়ের সুযোগ নিয়ে সেগুলোকে ব্যথানাশক ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ বলে প্রচারের চেষ্টা করেন তিনি।
সূত্র জানায়, অন্তত ১১ জন ওই বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে। আক্রান্তদের একজন সালমান সাইয়েদ ক্যাপসুল খাওয়ার পর পেটে ব্যথা ও বমির অভিযোগ করেন।
রিপোর্টারের নাম 























