কেনিয়ায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় চলতি মাসে অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে বলে রোববার কর্তৃপক্ষ জানিয়েছে। দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এর প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেশের পশ্চিমাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাসিন্দাদের মাথায় মালপত্র নিয়ে জলমগ্ন রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা গেছে। অনেককে গাদাগাদি করে নৌকায় করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কিসুমু কাউন্টিতে আকস্মিক বন্যার পানিতে একটি পুরো গ্রাম ডুবে গেছে এবং প্রায় ১,২০০ হেক্টর কৃষি জমি নষ্ট হয়ে গেছে। ন্যাক্যাচ এলাকায় ৩ সহস্রাধিক পরিবার ঘরছাড়া হয়েছে এবং তারা আটটি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে। মিরুই নদীর পানি উপচে পড়া অবস্থায় রয়েছে, যা ওই জনপদের জন্য এখনও হুমকি স্বরূপ।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে তাদের কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদিত ফসল নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাজধানী নাইরোবিতে, যেখানে ৩৭ জনের মৃত্যু হয়েছে। জাতীয় পুলিশের মুখপাত্র মুচিরি নিয়াগা এক বিবৃতিতে জানিয়েছেন, আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় প্রায় ২,৬৯০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
শুক্রবার রাতে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, নাইরোবি বাঁধের নিচের দিকের কয়েকটি বস্তি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে বলা হয়েছিল, কারণ পানির উচ্চতা বাড়ায় বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে, এখন পর্যন্ত বাঁধটি অক্ষত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তাই কর্তৃপক্ষ সবাইকে চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, রাজধানীর কাছে কিয়াম্বু শহরে রাতে দুই জন বন্যার পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া, পশ্চিমাঞ্চলের কাসাকা গ্রামে ভূমিধসে দুই জনের প্রাণহানি হয়েছে এবং বহু ঘরবাড়ি চাপা পড়েছে। মার্চ মাসের বৃষ্টিতে নাইরোবির অনেক সড়ক নদীর মতো রূপ নিয়েছে, এবং হাজার হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। সমালোচকরা রাজধানীর ড্রেনেজ ও সড়ক অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জন্য নাইরোবির গভর্নর জনসন সাকাজার পদত্যাগ দাবি করেছেন।
রিপোর্টারের নাম 
























