লেবাননের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক চুক্তিকাঠামোর তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের অতি ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। তিনি এই চুক্তিকে ‘ঐতিহাসিক ভুল, এক ভয়াবহ হাতছাড়া হওয়া সুযোগ এবং প্রজন্মের পর প্রজন্মের জন্য বিলাপ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেন গভির মন্তব্য করেন, ইসরায়েলের উচিত হিজবুল্লাহকে শুধু ‘অ্যানেস্থেশিয়া দেওয়া’ বা অবশ করা নয়, বরং তাদের ‘খুবলে পিষে’ ফেলা। তার মতে, এই চুক্তি হিজবুল্লাহকে একটি যুদ্ধবিরতির মাধ্যমে সেই ‘জীবনরেখা’ দিয়েছে, যা তারা ভিক্ষা করছিল। লেবাননের সেনাবাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করতে পারবে—এমন দাবিকে তিনি একটি ‘বিপজ্জনক বিভ্রম’ বলে উড়িয়ে দিয়েছেন।
বেন গভির আরও বলেন, ‘লেবাননের সেনাবাহিনী দুর্বল এবং তাদের বাহিনীতে অনুপ্রবেশ ঘটেছে। হিজবুল্লাহর সদস্য ও তাদের সমর্থকেরা এই সেনাবাহিনীরই একটি অবিচ্ছেদ্য অংশ। তারা কয়েক দশক ধরে হিজবুল্লাহর শক্তিবৃদ্ধি ঠেকাতে পারেনি এবং এখনো কোনো পরিবর্তন হবে না।’ তিনি জানান, এই চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলি মন্ত্রিসভায় তিনি কয়েক সপ্তাহ ধরে এর বিরোধিতা করেছিলেন এবং ভবিষ্যতেও তিনি এর বিরোধিতা অব্যাহত রাখবেন।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে হওয়া চুক্তিকাঠামোকে একটি ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে বর্ণনা করেছেন। নেতানিয়াহু বলেন, ‘এই সমঝোতার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ও লেবানন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যত দিন প্রয়োজন লেবাননের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চল বজায় রাখার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। হিজবুল্লাহ এবং বাকি সন্ত্রাসী সংগঠনগুলো নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং লেবানন থেকে ইসরায়েলের প্রতি আর কোনো হুমকি না থাকা পর্যন্ত আমরা এটি ধরে রাখব।’
তিনি আরও উল্লেখ করেন, ‘এটি ইরান ও হিজবুল্লাহর জন্য একটি বিরাট ধাক্কা। ইরান আমাদের ওপর দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমি আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থের বিষয়ে দৃঢ় ছিলাম এবং আমাদের ওপর সেনা প্রত্যাহার চাপিয়ে দেওয়ার ধারণার জোরালো বিরোধিতা করেছি।’ নেতানিয়াহু বলেন, ‘লেবানন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ইরানকে বলছে – এটি আপনাদের কোনো ব্যবসার জায়গা নয়। এখানে আপনাদের কোনো অবস্থান নেই। আপনাদের কোনো সম্পৃক্ততা এবং কোনো ভূমিকা নেই।’
রিপোর্টারের নাম 























