সারাদেশের অন্তত ১২টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গরমের তীব্রতা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়ার বিশেষ বার্তায় জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকার আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা ও যশোরসহ বেশ কিছু জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
রিপোর্টারের নাম 






















