ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ হুমকি দিয়েছেন যে, মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পর ইরান একের পর এক এই ধরনের বক্তব্য দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ‘যেসব আর্থিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট অর্থায়ন করে, তারা বৈধ লক্ষ্যবস্তু।’ তিনি আরও দাবি করেন, ‘মার্কিন ট্রেজারি বন্ড ইরানিদের রক্তে রঞ্জিত। আপনি এগুলো কিনলে, আপনার সদর দপ্তর ও সম্পদের ওপর হামলার ঝুঁকি নিচ্ছেন।’ গালিবাফ আরও বলেন, ইরান এসব বিনিয়োগকারীদের কার্যক্রম নজরদারি করছে এবং এটি তাদের জন্য “চূড়ান্ত সতর্কবার্তা”। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তাহলে তেহরান পুরো অঞ্চলের অবকাঠামো ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেওয়ার প্রেক্ষাপটেই ইরানের পক্ষ থেকে এই ধরনের কঠোর বার্তা আসছে।
রিপোর্টারের নাম 

























