হবিগঞ্জের নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর দুটি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের চক শংকরপুর গ্রামে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নোয়াগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের এক কলেজছাত্রী আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে বাজিত উল্লাহ মেম্বার পক্ষের কয়েকজন যুবক মোবাইল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার ঈদের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শালিস পক্ষের বশর উল্লাহ (৪০) কে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 

























