গাজীপুরের শ্রীপুরে এক চাঞ্চল্যকর অভিযানে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার বাসিন্দা কাপড় ব্যবসায়ী মো. নিজাম শেখ (৬০) ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে একটি প্রতারক চক্রের ফাঁদে পড়েন। পাওনা টাকা পরিশোধের কথা বলে তাকে শ্রীপুরের মাওনা এলাকায় ডেকে এনে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ভুক্তভোগী ব্যবসায়ীর ছেলে মিজানুর রহমান এই ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, সাব-ইন্সপেক্টর লাল চাঁন মিয়া কৌশল অবলম্বন করে ছদ্মবেশ ধারণ করেন। তিনি লুঙ্গি ও গামছা পরিহিত অবস্থায় ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাধখলা এলাকার দবীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় শাহাদত হোসেন ও আমির হোসেন নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির আহমেদ জানান, সাব-ইন্সপেক্টর মো. লাল চাঁন মিয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। তথ্যপ্রযুক্তি ও নিবিড় গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পরিচালিত এই অভিযানে অপহৃত ব্যক্তিকে সুস্থভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই ঘটনায় শ্রীপুর মডেল থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 























