সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হয়েছে, শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্ট এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে একই রাতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছন রাজা তোরণ এলাকায় একটি বিক্ষোভ মিছিলও করেছেন বলে জানা গেছে। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুক আইডিতে এই মিছিলের ভিডিও শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ছাড়াও মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী মাস্ক পরেছিলেন।
এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, তিনি ফেসবুকে একটি সেতুর ওপর মিছিলের ভিডিও দেখেছেন, তবে ছাতক উপজেলায় ছাত্রলীগের কোনো মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য তার কাছে নেই। অন্যদিকে, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল হয়েছে বলে তিনি শুনেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, রাত ৩টা থেকে চারটার মধ্যে এই মিছিল হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 




















