ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামী কর্মী জালাল আহমেদ ও আনিসুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে যুবদল নেতা জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ওয়ার্ডের হাজিরহাট এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলায় নেতৃত্ব দেন শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবদল কর্মী জাকির হোসেন। তার সাথে আলমগীর খানসহ ১৫-২০ জন লোক ছিল বলে জানা গেছে।
ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, আহত জালাল আহমেদ ও আজিজুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় জাকির গ্রুপ জামায়াত কর্মীদের উপর হামলার পরিকল্পনা করেছিল। নির্বাচনের ফলাফলের পর জালাল আহমেদসহ ওই এলাকার কর্মীরা জাকির গ্রুপের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। ঈদ উপলক্ষে বাড়ি ফিরলে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। আহতদের মধ্যে একজন জামাতা তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এবং অন্যথায় প্রশাসনকে পরিস্থিতির জন্য দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, যদি স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার না করেন, তবে এর পেছনে তার ইন্ধন রয়েছে বলে ধরে নেওয়া হবে।
অভিযুক্ত যুবদল নেতা জাকির হোসেন অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, জালাল আহমেদ লোকজন নিয়ে তাদের উপর হামলা করেছিল এবং এতে তাদের কয়েকজন আহত হয়েছে।
রিপোর্টারের নাম 























