বাগেরহাটের মোংলা উপজেলায় চিংড়িঘের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মোংলা পৌর শাখার আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি ও বিএনপি নেতা মো. সেলিম হাওলাদার এবং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। এছাড়া ওহিদ, ফরিদ, সোহরাফ ও আলাম নামে আরও চারজনকে আটক করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালীকাবাড়ি এলাকায় ৩০ বিঘা আয়তনের একটি চিংড়িঘের দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘাতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হন। এ সময় কালীকাবাড়ি ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা মোহন-এর মালিকানাধীন ঘেরটি দখলের চেষ্টা করেন সেলিম হাওলাদার। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল, যা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।
মোংলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন জানিয়েছেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















