মধ্যপ্রাচ্যের সঙ্গে সংগতি রেখে চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার এসব গ্রামের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান শুক্রবার ঈদ জামাতে অংশ নিয়েছেন।
হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়ার পর তাঁদের অনুসারীরা শুক্রবার ঈদ পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। একই তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের পীর ড. মাওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান, যার অনুসারীরাও মতলব উত্তর উপজেলার কয়েকটি গ্রামে ঈদ উদযাপন করছেন।
স্থানীয় সূত্রমতে, হাজীগঞ্জের সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল; ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, গল্লাক; মতলবের দশানী, মোহনপুরসহ কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই রীতি অনুসরণ করে ঈদ পালন করছেন। উল্লেখ্য, ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের তৎকালীন পীর মাওলানা ইসহাক (রহ.)-এর সময় থেকেই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের এই ঐতিহ্য চলে আসছে।
রিপোর্টারের নাম 






















