ভারতের রাজধানী দিল্লিতে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দক্ষিণ-পশ্চিম পালাম এলাকার একটি আবাসিক ভবনে বুধবার সকালে ভয়াবহ আগুন লেগে শিশুসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন।
দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ৭টার দিকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ শুরু করে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্ধার অভিযান চালানো বেশ কঠিন ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় পুলিশ এবং জরুরি সেবা দানকারী দলগুলোও ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযানে সহায়তা করে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আবাসিক ইউনিটে আগুন লাগার পর থেকেই তারা আশঙ্কা করছিলেন যে ভেতরে অনেকে আটকা পড়ে থাকতে পারেন।
উদ্ধার অভিযান চলাকালীন সাতজনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিনজন শিশু ছিল। আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
রিপোর্টারের নাম 























