ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড আপাতত অভিযান থেকে সরে এসে মেরামতের জন্য বন্দরে ফিরছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, জাহাজটির লন্ড্রি অংশে আগুন লাগার ঘটনায় অন্তত দুজন নাবিক আহত হওয়ার পর রণতরীটিকে লোহিত সাগর থেকে গ্রিসের সৌদা বে বন্দরে মেরামতের জন্য নেওয়া হচ্ছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে লোহিত সাগরে যাওয়ার আগে এই যুদ্ধজাহাজটি একই বন্দরে যাত্রাবিরতি করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রণতরীর ক্ষয়ক্ষতি বা এর সঙ্গে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলোর বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে একজন কর্মকর্তা জানিয়েছেন, ফোর্ড স্ট্রাইক গ্রুপের অন্যান্য জাহাজ লোহিত সাগরে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
পারমাণবিক শক্তিচালিত এই রণতরীর ওজন প্রায় এক লাখ টন এবং এতে চার হাজারের বেশি নাবিক রয়েছেন। আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাবিকদের ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে।
রিপোর্টারের নাম 























